দেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় নতুন রেকর্ড গড়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে পেছনে ফেলে এখন বাংলাদেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক তিনি।
বর্তমানে পরীমনির ফেসবুক অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি, যেখানে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুসারীর সংখ্যার দিক থেকে এখন শীর্ষ অবস্থানে রয়েছেন এই অভিনেত্রী।
তবে অভিনয়জীবনের হিসেবে চিত্রটি ভিন্ন। প্রায় ১২ বছরের ক্যারিয়ারে পরীমনির অভিনীত দুই ডজনের মতো সিনেমা মুক্তি পেলেও সেগুলোর কোনোটি বড় বাণিজ্যিক সাফল্য পায়নি। তবুও ব্যক্তিজীবন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিতি এবং নানা আলোচিত ঘটনার কারণে তিনি সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন।
চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, পরীমনির জনপ্রিয়তার অন্যতম কারণ তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, ভ্রমণ, সন্তানদের বেড়ে ওঠা, ফটোশুট, নতুন কাজের খবর এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট অভিজ্ঞতা নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এতে অনুসারীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে।
সম্প্রতি কন্যাসন্তানকে নিয়ে প্রকাশ করা একটি ভিডিওতে তিনি ক্যাপশনে লেখেন, ‘সাজুনি বুড়ি দেখেন’। মাত্র ২২ ঘণ্টার মধ্যে ভিডিওটি ৭৮ হাজারের বেশি প্রতিক্রিয়া, প্রায় ২ হাজার মন্তব্য এবং প্রায় ১৫ লাখ ভিউ অর্জন করে। এর আগের দিন ‘সানসাইশন’ ক্যাপশনে দেওয়া একটি সাধারণ ছবিতেও ৪৮ হাজারের বেশি প্রতিক্রিয়া আসে।
ফেসবুকে শীর্ষ অনুসারীর মালিক হওয়ার বিষয়ে পরীমনি বলেন, “আমার জীবনের ছোট ছোট বিষয়গুলো আমি সবার সঙ্গে খোলা মনে ভাগ করে নিতে ভালোবাসি। আমার জীবনে কোনো ধরনের লুকোচুরি নেই। বাস্তবে আমি যা, ফেসবুকেও তার প্রতিফলন থাকে। হয়তো সে কারণেই মানুষ আমাকে এতটা আপন মনে করেন। তাঁদের এই ভালোবাসার মূল্য আমি সব সময় দেওয়ার চেষ্টা করব। মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো অর্জন নেই। যাঁরা এত দিন ধরে আমার পাশে আছেন, তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।”
উল্লেখ্য, ফেসবুক অনুসারীর সংখ্যায় পরীমনি ও সাকিব আল হাসানের মধ্যে শীর্ষস্থান নিয়ে পালাবদল নতুন নয়। প্রায় তিন বছর আগে প্রথমবার তাঁদের অনুসারীর সংখ্যা প্রায় সমান হয়ে আসে। পরে ২০২৩ সালের আগস্টে সাকিব আবার এগিয়ে গেলেও, সাম্প্রতিক সময়ে ব্যবধান বাড়িয়ে এবার এককভাবে শীর্ষস্থান দখল করেছেন পরীমনি।