তামিল সিনেমা ‘ভেট্টুভাম’-এ অভিনয়ের প্রস্তুতি নিতে গিয়ে প্রথমবার মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। সেই অভিজ্ঞতা তাঁকে এতটাই মুগ্ধ করেছে যে, এখন নাচের চেয়েও মার্শাল আর্টকে বেশি পছন্দ করছেন তিনি।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ‘ইউভা ২০২৬’ অনুষ্ঠানে অতিথি হয়ে নতুন সিনেমা ও মার্শাল আর্ট শেখার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন শোভিতা।
পা রঞ্জিত পরিচালিত ‘ভেট্টুভাম’ অ্যাকশন ও সায়েন্স ফিকশনধর্মী সিনেমা। এতে শোভিতার সঙ্গে অভিনয় করছেন ভিআর দিনেশ ও আরিয়া। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে হয়েছে।
শোভিতা জানান, এই সিনেমার মাধ্যমেই মার্শাল আর্টের সঙ্গে তাঁর প্রথম পরিচয়। প্রশিক্ষণ নিতে গিয়ে ভারতের ঐতিহ্যবাহী কলারিপায়াত্তু ও মল্লখম্বের মতো শারীরিক কৌশলভিত্তিক শিল্পের প্রতিও আগ্রহ তৈরি হয়েছে তাঁর।
অভিনেত্রীর ভাষ্য, মার্শাল আর্ট শুধু শরীরচর্চা নয়, মানসিকভাবেও তাঁকে ইতিবাচক অভিজ্ঞতা দিয়েছে। নিয়মিত অনুশীলনে চাপ ও অস্বস্তি কমেছে। শারীরিক সক্ষমতার পাশাপাশি নিজের মধ্যেও পরিবর্তন অনুভব করেছেন তিনি।
শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষিত শোভিতাকে অনুষ্ঠানে প্রশ্ন করা হয়, নাচ ও মার্শাল আর্টের মধ্যে এখন কোনটি বেছে নেবেন?
জবাবে অভিনেত্রী জানান, একসময় এমন উত্তর দেবেন বলে নিজেও ভাবেননি। তবে মার্শাল আর্ট তাঁকে যেভাবে চাপমুক্ত করেছে, তাতে আপাতত নাচের বদলে এটিকেই বেছে নিতে চান তিনি।
এরপর মজার ছলে শোভিতা বলেন, ‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’
‘ভেট্টুভাম’ সিনেমার গল্পে তিনটি ভিন্ন সময়কে একটি অভিন্ন সূত্রে যুক্ত করা হয়েছে। অতীতের ঐতিহ্য, সংঘাত ও ক্ষমতার লড়াই কীভাবে বর্তমানকে প্রভাবিত করে এবং ভবিষ্যতের পথ তৈরি করে, তা তুলে ধরা হবে সিনেমাটিতে। গল্পে মার্শাল আর্ট ও ঐতিহ্যের সম্পর্কও গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জি ভি প্রকাশ কুমার। সংলাপ লিখেছেন ফ্র্যাঙ্কলিন জ্যাকব। চিত্রগ্রহণে রূপেশ শাজি, সম্পাদনায় সেলভা আরকে এবং শিল্প নির্দেশনায় রয়েছেন এস এস মূর্তি। অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন ধিলিপ সুব্বারায়ণ।
চলতি বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ভেট্টুভাম’-এর।