ঢাকায় আসছেন ‘তেরে বিন’ খ্যাত ওহাজ আলী, ভক্তদের সঙ্গে দেখা ২ ও ৩ অক্টোবর

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১২
ঢাকায় আসছেন ‘তেরে বিন’ খ্যাত ওহাজ আলী, ভক্তদের সঙ্গে দেখা ২ ও ৩ অক্টোবর


পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ওহাজ আলী এবার আসছেন বাংলাদেশে। আলোচিত ধারাবাহিক ‘তেরে বিন’-এ মুরতাসিম চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই তারকা আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকায় একটি বিশেষ আয়োজনে অংশ নেবেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ সফরের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ওহাজ আলী।

বাংলাদেশি ভক্তদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি জানান, আসন্ন ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ আয়োজনে অংশ নিতে তিনি উচ্ছ্বসিত। দর্শকদের সঙ্গে সরাসরি দেখা করা, সময় কাটানো এবং সুন্দর কিছু স্মৃতি তৈরির অপেক্ষায় রয়েছেন তিনি।

ওহাজ আলী তাঁর ভিডিও বার্তায় বাংলাদেশি ভক্তদের প্রতি শুভকামনাও জানান।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ নামের প্রদর্শনী। এতে ব্যক্তিগত অতিথি হিসেবে অংশ নেবেন পাকিস্তানি এই অভিনেতা। মূলত অনুষ্ঠানের সমাপনী পর্বে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।

তবে অনুষ্ঠানে অংশ নেওয়া সবাই সরাসরি ওহাজ আলীর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন না। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, অনুষ্ঠানে অর্থ ব্যয়কারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে কয়েকজনকে নির্বাচিত করা হবে। বিজয়ীরা অভিনেতার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন। কতজনকে এই সুযোগ দেওয়া হবে, তা নির্ধারণ করবে আয়োজক কর্তৃপক্ষ।

পাকিস্তানের টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ ওহাজ আলী ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে যাত্রা শুরু করেন। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন তিনি।

২০২১ সালে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘জো বিছার গায়ে’ নাটকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমির চরিত্রে অভিনয় করেন ওহাজ। তাঁর অভিনীত চরিত্রটি দর্শকদের মধ্যে বিশেষভাবে আলোচিত হয়।

তবে তাঁর অভিনয়জীবনে সবচেয়ে বড় সাফল্য আসে ‘তেরে বিন’ ধারাবাহিকের মাধ্যমে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রচার শুরু হওয়া নাটকটির প্রথম মৌসুম শেষ হয় ২০২৩ সালের ৬ জুলাই।

ধারাবাহিকটিতে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করেন ওহাজ আলী। তাঁর বিপরীতে মীরব চরিত্রে ছিলেন অভিনেত্রী ইয়ুমনা জায়েদি। দুই চরিত্রের প্রেম, দ্বন্দ্ব ও সম্পর্কের টানাপোড়েন ঘিরে নির্মিত নাটকটি পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে।

‘তেরে বিন’-এর মাধ্যমে বাংলাদেশে তৈরি হওয়া বিপুল ভক্তগোষ্ঠীর সঙ্গে এবার সরাসরি সাক্ষাতের সুযোগ পাচ্ছেন ওহাজ আলী।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য