ক্রিকেট ও ঢালিউডের দুই পরিচিত মুখকে এক ফ্রেমে দেখা গেল অস্ট্রেলিয়ার সিডনিতে। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে ঘরোয়া আয়োজনে বারবিকিউ পার্টিতে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ।
বর্তমানে পরিবারের সঙ্গে সিডনিতে বসবাস করছেন শাবনূর। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র হওয়ার পর ছুটি কাটাতে সিডনিতে অবস্থান করছেন তাসকিন। এ সময় তাসকিন ও তার পরিবারকে নিজের ভাইয়ের বাসায় আমন্ত্রণ জানান শাবনূর।
সন্ধ্যার সেই আয়োজনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন দুজনই। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের নজর কাড়ে।
শাবনূরের সঙ্গে ছবি প্রকাশ করে তাসকিন জানান, তাদের সন্ধ্যাটি বেশ আনন্দে কেটেছে। বিশেষ করে বারবিকিউ পার্টি উপভোগ করেছেন তিনি। শাবনূর ও তার পরিবারের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই টাইগার পেসার।
অন্যদিকে শাবনূরও সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে জানান, প্রিয় ক্রিকেটারের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে দারুণ সময় কাটিয়েছেন তিনি।
তাসকিনকে দেশের গর্ব উল্লেখ করে শাবনূর তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করেন।