হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন অভিনেত্রী বাঁধন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯
হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন অভিনেত্রী বাঁধন


ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলার শিকার হওয়ার পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইতালির পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি।


এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় বাঁধন জানিয়েছিলেন, মামলা না করে ভেনিস থেকে বাংলাদেশে ফিরবেন না। তিনি বলেন, ‘আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।’


বাঁধন জানান, ঘটনার পর ইতালির পুলিশ তাকে সহযোগিতা করেছে এবং নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে। পরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কার্যালয় থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের প্রতিনিধিদের সঙ্গে থানায় গিয়ে মামলা করার কথা জানান তিনি।


অভিনেত্রীর দাবি, ঘটনার সব ধরনের প্রমাণ তাদের কাছে রয়েছে। হামলায় জড়িত কয়েকজনকেও ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।


এদিকে বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।


ইতালির সংবাদমাধ্যম ইল গাজ্জেত্তিনোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভেনিসের মেস্ত্রে এলাকায় হামলা ও মানসিকভাবে হেনস্তার শিকার হন বাঁধন। প্রতিবেদনে হামলাকারীদের আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা বাঁধনকে ‘জুলাই যোদ্ধা’ বলে গালাগাল করেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।


সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করতে ইতালীয় পুলিশের বিশেষ শাখা তদন্ত করছে।


এর আগে স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে ফেসবুক লাইভে এসে ভেনিসে হামলা ও শারীরিক হেনস্তার অভিযোগ করেন বাঁধন। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইতালি প্রবাসী কর্মীদের বিরুদ্ধে তিনি এ অভিযোগ তোলেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য