র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:০৯
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান


‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান।


সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ২০২৬ সালের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে।


রুনা খানের পাশাপাশি এবার পুরস্কার পেয়েছেন সিঙ্গাপুরের কূটনীতিক ও আইনজ্ঞ টমি কোহ এবং মিয়ানমারের মানবাধিকারকর্মী বো চি।


ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে পুরস্কারের ৬৮তম আসরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।


র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন জানিয়েছে, মানুষের সেবায় দীর্ঘস্থায়ী অবদান, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুযোগ সৃষ্টি এবং পিছিয়ে পড়া মানুষকে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার সক্ষমতা অর্জনে সহায়তা করার স্বীকৃতি হিসেবে রুনা খানকে এ পুরস্কার দেওয়া হয়েছে।


রুনা খান ২০০২ সালে ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠা করেন। নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা বাংলাদেশের প্রত্যন্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে প্রতিষ্ঠানটি।


১৯৫৭ সালের ১৭ মার্চ বিমান দুর্ঘটনায় ফিলিপাইনের প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের মৃত্যু হয়। একই বছর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। ১৯৫৮ সাল থেকে এ পুরস্কার প্রদান শুরু হয়।


প্রতিবছর ৩১ আগস্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের জন্মদিনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।


১৯৫৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত সরকারি সেবা, জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা-সাহিত্য-সৃজনশীল যোগাযোগকলা, শান্তি ও আন্তর্জাতিক বোঝাপড়া এবং উদীয়মান নেতৃত্ব—এই ছয়টি বিভাগে পুরস্কার দেওয়া হতো। ২০০৯ সাল থেকে নির্দিষ্ট বিভাগ বাদ দিয়ে পুরস্কারের ক্ষেত্র আরও উন্মুক্ত করা হয়।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য