কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া দীর্ঘ এক পোস্টে সালমানের সঙ্গে নিজের পুরোনো সম্পর্ক, তাঁর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে হতাশা এবং সাম্প্রতিক হামলার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন মেঘনা।
পোস্টে মেঘনা জানান, একসময় সালমানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সালমানের ব্যক্তিগত সংকটের সময় তিনি পাশে থাকার চেষ্টা করেছেন এবং তাঁর ছোট ছোট ইতিবাচক পরিবর্তনেরও প্রশংসা করেছেন। তবে পরবর্তী সময়ে কিছু কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে তাঁকে ফেসবুকের বন্ধু তালিকা থেকে সরিয়ে দেন।
নিজের অতীতের একটি ঘটনার স্মৃতিচারণা করে মেঘনা দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে তাঁকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়ার পর তাঁর ফোন ও ম্যাকবুক পরীক্ষা করা হচ্ছিল। সে সময় সালমানের সঙ্গে তাঁর বার্তা দেখে এক তদন্ত কর্মকর্তা মন্তব্য করেছিলেন, ‘এই সালমান মুক্তাদির দুনিয়ার সব গণ্ডগোলে কীভাবে ঢুকে পড়ে?’
সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে মেঘনা প্রশ্ন তোলেন, হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত না হয়েও সালমান কীভাবে ঘটনাটির সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ করছেন।
মেঘনার দাবি, সালমান নিজেই বলেছেন, হামলাকারীদের নাম-পরিচয় তাঁর জানা নেই এবং তাঁর কাছে সরাসরি চাঁদাও দাবি করা হয়নি। এমন পরিস্থিতিতে ঘটনার পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তি কী, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
স্টুডিও ভাঙচুরের বিষয়টি তাঁর কাছে পুরোপুরি পরিষ্কার নয় উল্লেখ করে মেঘনা বলেন, এর পেছনে কোনো গোপন উদ্দেশ্য আছে কি না, তা খুঁজে দেখা প্রয়োজন। একই সঙ্গে সালমানের সার্বিক মঙ্গল কামনা করেন তিনি।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সালমানের অভিযোগ, চাঁদা না দেওয়ায় তাঁর স্টুডিওতে হামলা চালানো হয়েছে। তবে ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানিয়েছে, জায়গা দখলসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
হামলার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্তের ফল না আসা পর্যন্ত মেঘনা আলমের উত্থাপিত প্রশ্ন কিংবা সালমানের অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।