জবিতে ১০ নভেম্বর ক্লাস বর্জনকারী শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ।

দে
জবি প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৫:০৩
জবিতে ১০ নভেম্বর ক্লাস বর্জনকারী শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মঙ্গলবার (১০ নভেম্বর) রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, তা জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ওই দিন নির্ধারিত দায়িত্ব পালন না করা বা অনুপস্থিত থাকা শিক্ষকদের তালিকা ও তাদের অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হয়েছে।


এ বিষয়ে সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানদের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে প্রশাসন। বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, গতকাল ১০ নভেম্বর সংশ্লিষ্ট ইনস্টিটিউট ও বিভাগে নির্ধারিত রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, তা জানাতে হবে। কোনো বিভাগ বা ইনস্টিটিউটে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত না হয়ে থাকলে সে বিষয়েও তথ্য দিতে হবে।


এ ছাড়া ওই দিন ক্লাস ও পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকা কোনো শিক্ষক অনুপস্থিত ছিলেন কি না, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে বলা হয়েছে। কোনো শিক্ষক অনুপস্থিত থাকলে তার নাম এবং তিনি যথাযথ প্রক্রিয়ায় ছুটি গ্রহণ করেছিলেন কি না, সে তথ্যও প্রশাসনকে জানাতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানদের এসব তথ্য সংগ্রহ করে রেজিস্ট্রার কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এ জন্য তাদের তিন কার্যদিবস সময় বেঁধে দেয়া হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য