কিশোরগঞ্জে রেলিংবিহীন ঝুঁকিপূর্ণ ব্রিজে দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচল

দে
আনোয়ার হোসেন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৪:৫৪
কিশোরগঞ্জে রেলিংবিহীন ঝুঁকিপূর্ণ ব্রিজে দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচল

নীলফামারীর কিশোরগঞ্জে রেলিংবিহীন জরাজীর্ণ ও নড়বড়ে ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছেন বড়ভিটা ও রণচণ্ডী—এই দুই ইউনিয়নের এপার-ওপারের হাজারো মানুষ।একদিকে জরাজীর্ণ অবস্থা, অন্যদিকে ব্রিজের কোনো সুরক্ষা বেষ্টনি বা রেলিং না থাকায় চরম আতঙ্ক নিয়ে পারাপার হচ্ছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী, অসুস্থ রোগী, বয়োবৃদ্ধ পথচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। মোটরসাইকেল ও ভ্যানের মতো ছোট যানবাহনও ঝুঁকি নিয়ে চলাচল করছে। দিনের আলোয় কোনো রকমে পার হওয়া গেলেও রাতের অন্ধকারে বা কুয়াশায় এই যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অনেক সময় ব্রিজ থেকে পড়ে ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে। নড়বড়ে কাঠামোর কারণে যেকোনো সময় ব্রিজটি ভেঙে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে জানা যায়, উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড়ভিটা মেলাবর খন্দকারপাড়া গ্রাম সংলগ্ন বুল্লাই নদীর ওপর এই ব্রিজটি অবস্থিত। বড়ভিটা ও রণচণ্ডী ইউনিয়নের কোলঘেঁষে বয়ে যাওয়া বুল্লাই নদীর ওপর ২ দশক আগে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন সংস্কারের অভাবে মূল অবকাঠামো ও পিলারের পলেস্তরা খসে পড়ে এবং গোড়ার কাদামাটি সরে গিয়ে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।স্থানীয় বাসিন্দা খন্দকার মিজানুর রহমান বলেন, ‘গত ১০ বছর ধরে ব্রিজটি সংস্কার না করায় এটি নড়বড়ে হয়ে গেছে।


বিকল্প পথ ৪ থেকে ৫ কিলোমিটার দীর্ঘ হওয়ায় বাধ্য হয়ে মানুষ এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়েই যাতায়াত করছে। খালি মানুষ উঠলেই ব্রিজটি দুলতে থাকে। কয়েক মাস আগে উপজেলা প্রকৌশলী মাপজোখ করে নিয়ে গেলেও এখনো কোনো পদক্ষেপ দেখা যায়নি।’রণচণ্ডী উত্তরপাড়া গ্রামের আশরাফ আলী ও আনারুল ইসলাম জানান, প্রায় ২০ বছর আগে বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ৪ পিলারবিশিষ্ট এই পাকা ব্রিজটি নির্মাণ করেছিলেন। কিন্তু বর্তমানে এটি এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে গাড়ি তো দূরের কথা, সাধারণ মানুষ হাঁটলেও ব্রিজটি কেঁপে ওঠে।রণচণ্ডী উত্তরপাড়া মাদ্রাসার শিক্ষার্থী লিটন মিয়া ও শাওন মিয়া বলে, ‘একদিকে রেলিং নেই, অন্যদিকে ঝুঁকিপূর্ণ এই ব্রিজে উঠলেই ভয় করে। কখন এটি ভেঙে পড়ে এই ভয়ে ভয়েই যাতায়াত করতে হয়।’এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান বলেন,‘নতুন ব্রিজ নির্মাণের জন্য সার্ভে করে প্রস্তাবনা ঢাকায় পাঠানো হয়েছে। প্রস্তাবনা অনুমোদন ও বরাদ্দ পেলে দ্রুত ব্রিজটি নির্মাণ করা হবে।’

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য