ভেনিসে বাঁধনকে হেনস্তার অভিযোগ, পিয়া জান্নাতুলের ক্ষোভ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২
ভেনিসে বাঁধনকে হেনস্তার অভিযোগ, পিয়া জান্নাতুলের ক্ষোভ



ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া হেনস্তার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। নারী ও শিল্পীদের প্রতি সহিংস ও অমানবিক আচরণের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।


সম্প্রতি পরিবারের সঙ্গে ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় ঘুরতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়ে অভিনেত্রীকে গালাগাল করছেন এবং তাকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিচ্ছেন।


পরে ফেসবুক লাইভে এসে বাঁধন অভিযোগ করেন, তার দিকে পানীয় ও কোক ছুড়ে মারা হয়েছে। একই সঙ্গে তাকে শারীরিকভাবে হেনস্তা এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও জানান তিনি।


জানা গেছে, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় রাজপথে সক্রিয় থাকার কারণে রাজনৈতিক বিরোধের জেরে তাকে লক্ষ্য করে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ভেনিসের স্থানীয় থানায় অভিযোগও করেছেন বাঁধন।


ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পিয়া জান্নাতুল মানুষের মধ্যে সহনশীলতা ও মানবিকতার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের বাইরে অবস্থান করলেই মানুষের চিন্তাভাবনা বা আচরণ বদলে যায় না। বরং একজন মানুষ অন্যকে কতটা সম্মান ও বোঝার চেষ্টা করেন এবং কতটা মানবিক থাকতে পারেন, সেটিই প্রকৃত উন্নতির পরিচয়।


পিয়া জান্নাতুলের মতে, নারী ও শিল্পীদের প্রতি মানুষের ক্রমবর্ধমান নিষ্ঠুরতা ও অসংবেদনশীলতা উদ্বেগজনক। মানবিকতার জায়গায় সমাজ পিছিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।


ভেনিসের মতো আন্তর্জাতিক পর্যটনকেন্দ্রে একজন বাংলাদেশি শিল্পীর সঙ্গে এমন ঘটনার অভিযোগ দেশের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তৈরি করেছে। বিষয়টি নিয়ে বাঁধনের সহকর্মী ও সাধারণ নেটিজেনদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।


অভিযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন অনেকে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য