চার বছর পর আবারও ঢাকার মঞ্চে পারফর্ম করতে আসছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। ২০২২ সালে প্রথমবার বাংলাদেশে এসে দর্শকদের মাতিয়েছিলেন আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় এই গায়িকা। এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে সরাসরি গান পরিবেশন করবেন তিনি।
আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের উদ্যোগে আগামী ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বিশেষ এই সংগীত আয়োজন। অনুষ্ঠানে সরাসরি মঞ্চে পারফর্ম করবেন ওটিলিয়া। বাংলাদেশে আসার বিষয়টি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে নিশ্চিত করেছেন এই রোমানিয়ান শিল্পী।
এর আগে ২০২২ সালের জুলাইয়ে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ওটিলিয়া। সে সময় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নকিয়া জি২১-এর উদ্বোধনী আয়োজনে লাইভ পারফর্ম করেন তিনি। তাঁর জনপ্রিয় গান ও প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।
রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে যুক্ত। তবে ২০১৪ সালে প্রকাশিত ‘বিলিয়নেরা’ গানটি তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়। গানটি ইউরোপের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছেও জনপ্রিয়তা পায়।
‘বিলিয়নেরা’র সাফল্যের পর ওটিলিয়ার কণ্ঠে আরও বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয় হয়। আন্তর্জাতিক সংগীতাঙ্গনে নিজের আলাদা অবস্থান তৈরি করা এই শিল্পী এবার ঢাকার মঞ্চে কোন কোন গান পরিবেশন করবেন, সেটিই এখন দর্শকদের আগ্রহের বিষয়।