দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ডা. জুবাইদা রহমান বলেন, তারেক রহমান ও তাঁর সরকার একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে চান। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, তাঁরা সব সময় মানুষের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, সবাই মিলে দেশের জন্য কাজ করতে হবে। এ সময় ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা—সবার আগে বাংলাদেশ’ বলে নিজেদের অঙ্গীকার তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানার ১০৭ জন দুস্থ ব্যক্তি, দুজন মেধাবী শিক্ষার্থী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৬ জন রোগী এবং মা ও শিশুর জীবনমান উন্নয়নে ৪০ জনসহ মোট ১৬৫ জনের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
ডা. জুবাইদা রহমান নিজ হাতে ১৬ জনের মধ্যে চেক ও নিমগাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।