দেশের ৩১তম গ্যাসক্ষেত্রের সন্ধান প্রস্তুতি শুরু করেছে বাপেক্স ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে গ্যাস

দে
মুহাম্মদ ওসমান সরওয়ার
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪২
দেশের ৩১তম গ্যাসক্ষেত্রের সন্ধান   প্রস্তুতি শুরু করেছে বাপেক্স    ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে গ্যাস

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় বেরিয়ে আসা প্রাকৃতিক গ্যাসের আগুন টানা ১৮ দিন ধরে জ্বলছে। এবার সেই গ্যাস নিয়ন্ত্রিতভাবে উত্তোলনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।


এ লক্ষ্যে ঘটনাস্থলে আনা হচ্ছে ভারী যন্ত্রপাতি, পাইপসহ খনন ও গ্যাস উত্তোলনের প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম। গতকাল শুক্রবার সকাল থেকে লরি ও ক্রেনের সাহায্যে এসব সরঞ্জাম ঘটনাস্থলে নেওয়া হয়। 


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে যেকোনো সময় নিয়ন্ত্রিত খনন ও কারিগরি কার্যক্রম শুরু হতে পারে।


উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার জানান, ইনানীতে নলকূপ থেকে নির্গত গ্যাসে আগুন জ্বলে ওঠার পর থেকেই প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মানুষের জানমালের নিরাপত্তা এবং বিস্ফোরণ ও ভূমিধসসহ সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঘটনার পরপরই ১৪৪ ধারা জারি করা হয়। এরপর থেকে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন। তিনি আরও বলেন, বাপেক্সের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে অবস্থান করছে। তারা আগুন নিয়ন্ত্রণ, গ্যাসের চাপ ও প্রবাহ, ভূতাত্ত্বিক গঠন এবং নিরাপদে গ্যাস উত্তোলনের সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছেন।




বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন জানান, দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও চাপ স্থিতিশীল পাওয়া গেছে। এখন নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে আগুন নিয়ন্ত্রণে এনে পরবর্তী ধাপে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করা যায়, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, পর্যবেক্ষণ শেষে বাপেক্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।


এদিকে বিশেষজ্ঞদের ধারণা, ইনানীর ভূগর্ভে উল্লেখযোগ্য গ্যাসের স্তর থাকতে পারে। টানা প্রায় তিন সপ্তাহ ধরে একই ধরনের চাপ ও প্রবাহে গ্যাস বেরিয়ে আসার বিষয়টি কোনো ক্ষুদ্র গ্যাস পকেটের পরিবর্তে বড় মজুদের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে ভূতাত্ত্বিক জরিপ, সিসমিক সমীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া গ্যাসের প্রকৃত মজুদ কিংবা বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।


এদিকে ইনানীতে পর্যাপ্ত গ্যাসের মজুদ নিশ্চিত হওয়ার পাশাপাশি বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হলে এটি হতে পারে দেশের সম্ভাব্য ৩১তম গ্যাসক্ষেত্র। এমন সম্ভাবনা বাস্তবে রূপ নিলে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং আমদানিনির্ভরতা কমানোর ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।


প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর উখিয়ার ছোট ইনানী এলাকায় গভীর নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীর থেকে প্রাকৃতিক গ্যাস বেরিয়ে আগুন ধরে যায়। এরপর থেকে গ্যাসের আগুন অব্যাহতভাবে জ্বলছে। 


তারিখ - ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য