আগামী ১৮ নভেম্বর থেকে উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিনদিনের ইজতেমা শুরু হচ্ছে

দে
মনির হোসেন জীবন
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৬:১২
আগামী ১৮ নভেম্বর থেকে উত্তরার দিয়াবাড়িতে  দাওয়াতে ইসলামীর তিনদিনের ইজতেমা শুরু হচ্ছে

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে আগামী বুধবার (১৮ নভেম্বর), ২০২৬ বিশ্বব্যাপী কোরআন ও সুন্নাহ প্রচারভিত্তিক অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর তিন দিনব্যাপী ‘সুন্নতে ভরা ইজতেমা’

শুরু হচ্ছে।


উত্তরার সেন্টার মেট্রোরেল স্টেশন সংলগ্ন ইজতেমা ময়দানে ১৮, ১৯ ও ২০ নভেম্বর এই আয়োজন অনুষ্ঠিত হবে। আগামী বুধবার সকাল ১৯টা থেকে ইজতেমার কার্যক্রম শুরু হবে এবং আগামী শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিনদিনের ইজতেমা।


এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লির সমাগমের প্রত্যাশা করছেন ইজতেমা আয়োজকরা। এবারের ইজতেমা সুষ্ঠ, স্বাভাবিক ও শান্তিপূর্ণ ভাবে পালন করা উপলক্ষে প্রায় ৯৫ শতাংশ সার্বিক প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মাঠজুড়ে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। মুসল্লিদের অবস্থান, নামাজ, অজু, গোসল, খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন আয়োজক ও স্বেচ্ছাসেবীরা।


আজ শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় উত্তরার দিয়াবাড়ি ইজতেমা ময়দানে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার (মিডিয়া বিভাগ) মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী।


প্রেসব্রিফিংয়ে তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী অবস্থানে বিশ্বাসী, সুফিবাদ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদায় পরিচালিত বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী। ২০০৭ সাল থেকে বাংলাদেশে এ ইজতেমার আয়োজন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় এবার উত্তরার দিয়াবাড়িতে তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।


মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী বলেন, ইজতেমার মূল উদ্দেশ্য হলো ব্যক্তিজীবনে কোরআন ও সুন্নাহর শিক্ষা বাস্তবায়ন, ইমান-আকিদা ও আমলের সংশোধন, আত্মশুদ্ধি এবং নৈতিক চরিত্র গঠনে মানুষকে উদ্বুদ্ধ করা। ইজতেমায় কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের আলোকে ইমান-আকিদা ও আমল সম্পর্কে দিনরাত বয়ান করা হবে। কীভাবে নামাজ আদায় করতে হয় এবং ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নত ও নফল ইবাদত পালনের নিয়ম দালিলিক প্রমাণসহ হাতে-কলমে শেখানো হবে।

ইজতেমায় দেশের বরেণ্য সুন্নি ওলামায়ে কেরাম ও মোবাল্লিগরা আলোচনা করবেন। প্রতিদিন বয়ান শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হবে। 


তিনি আরও বলেন, ইসলাম যে শান্তি ও মানবকল্যাণের ধর্ম, সে বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নেকির দাওয়াতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।


সংবাদ সম্মেলনে জানানো হয়, ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ইজতেমা ময়দানের প্রবেশপথে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট এবং স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা ও আটটি ওয়াচ টাওয়ার। মুসল্লিদের তল্লাশির মাধ্যমে মাঠে প্রবেশের ব্যবস্থা থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি দাওয়াতে ইসলামীর নিজস্ব প্রায় ৪০০ স্বেচ্ছাসেবী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।


এ ছাড়া মুসল্লিদের চিকিৎসা ও জরুরি সেবা, অগ্নিনিরাপত্তা, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি ও সেবামূলক প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা ওয়াসা ও বিদ্যুৎ বিভাগের সহায়তায় প্রয়োজনীয় সেবা কার্যক্রম পরিচালিত হবে।


দাওয়াতে ইসলামীর জিম্মাদাররা সাংবাদিকদের জানান, বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে এ ধরনের ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ইজতেমা শেষে মুসল্লিরা ১২ দিন, ৩০ দিন, ৬৩ দিন, ৯২ দিন ও ১২ মাসের মাদানী কাফেলায় অংশ নিয়ে দেশের বিভিন্ন মসজিদে সফর করবেন। এসব সফরের মাধ্যমে দ্বীনি শিক্ষা প্রচার ও মানুষকে ইসলামের পথে আহ্বান জানানো হবে।


সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার আলহাজ সৈয়দ মুহাম্মদ ফোজায়েল আত্তারী। এ সময় সৈয়দ মুহাম্মদ এরশাদ, হাফেজ ফরিদুল ইসলাম, মুহাম্মদ সাকিব আত্তারীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য