সরকার বারবার গ্যাসের দাম বাড়ায়নি বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। গ্যাস সংকট মোকাবিলায় বায়োগ্যাসের মাধ্যমে সরবরাহ বাড়াতে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকার এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জ্বালানিমন্ত্রী।
প্রশ্নে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, গ্যাস সংকটের কারণে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। বারবার গ্যাসের দাম বাড়ানো হলেও সরবরাহ না পেয়ে গ্রাহকদের বিল পরিশোধ করতে হচ্ছে। এ পরিস্থিতিতে গৃহস্থালির গ্যাস সমস্যা সমাধানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না, তা জানতে চান তিনি।
জবাবে মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশকে অনেক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। বৃহস্পতিবারও সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে বেশি দামে গ্যাস কেনার সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎকেন্দ্র চালু রাখা ও গৃহস্থালিতে সরবরাহ নিশ্চিত করতে সরকার গ্যাস কিনছে। তবে এসব ক্ষেত্রে সরকার গ্যাসের দাম বাড়ায়নি।
এলপিজির দাম বৃদ্ধি প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এলপিজি সরকার আমদানি করে না। বেসরকারি খাত এটি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে দাম নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে সরকারের সরাসরি ভূমিকা নেই।
মন্ত্রী আরও জানান, সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ শুরু করেছে। বায়োগ্যাস উৎপাদন ও সরবরাহের জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। বায়োগ্যাস থেকে উৎপাদিত গ্যাস আশপাশের এলাকায় সরবরাহের ব্যবস্থাও করা হচ্ছে।