দেশের শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে হাসপাতালগুলো স্থাপন করা হবে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধানমন্ত্রী জানান, শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে ছয়টি ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব হাসপাতাল বিশেষভাবে শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রতিষ্ঠা করা হবে।
সংসদে বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অতীত পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে এসব খাতকে পরিকল্পিতভাবে দুর্বল ও অকার্যকর করে ফেলা হয়েছিল। দেশীয় খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করা হয়েছে।
তারেক রহমান আরও বলেন, অতীতে এমন নীতি গ্রহণ করা হয়েছিল, যার ফলে দেশের শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। একইভাবে চিকিৎসাব্যবস্থাকেও দুর্বল করে দেওয়া হয়েছিল। বিশেষ করে গ্রামীণ চিকিৎসাসেবা অতীতের গণতান্ত্রিক সরকারের সময়ে যে পর্যায়ে উন্নীত হয়েছিল, পরবর্তী সময়ে তা ধ্বংসের মুখে পড়ে।
তিনি অভিযোগ করেন, দেশের চিকিৎসাব্যবস্থা এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল, যাতে বাংলাদেশিদের চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হতে হতো।
এদিকে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের প্রশংসা করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। প্রশ্ন শেষ হলে তিনি বলেন, প্রধানমন্ত্রী বুধবার প্রশ্নোত্তর পর্বে থাকবেন না বলে সংসদ সদস্য আগেই প্রশ্নটি করতে চেয়েছেন। এ সময় তাঁর স্মার্ট উপস্থাপনারও প্রশংসা করেন ডেপুটি স্পিকার।