গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণে উদ্যোগের নির্দেশ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৪:১৩
গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণে উদ্যোগের নির্দেশ



কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন পাঠাতে স্থানীয় সরকার বিভাগকে বলা হয়েছে।


শনিবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেনের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।


চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ কুমারখালীর কয়া ইউনিয়নের ঘোড়াঘাট-বড়বাজার সংযোগ সড়কে গড়াই নদীর ওপর একটি সেতু নির্মাণের আবেদন করেন। তিনি সেতুটির নাম ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ রাখার প্রস্তাব দেন।


আবেদনে বলা হয়, কয়া, শিলাইদহ, চর সাদীপুর, নন্দলালপুর ও হরিপুর ইউনিয়নের একাংশের প্রায় দুই লাখ মানুষ এ অঞ্চলের যাতায়াতব্যবস্থার ওপর নির্ভরশীল। বর্তমানে প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ হাজার মানুষকে নৌকায় গড়াই নদী পার হতে হয়।


এতে বিশেষ করে অসুস্থ ব্যক্তি, প্রসূতি নারী, শিশু ও প্রবীণদের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে নদী পারাপারে ঝুঁকি আরও বেড়ে যায় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।


এর আগে ২০২৫ সালের মার্চে স্থানীয় বাসিন্দাদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) প্রাথমিক ব্যবস্থা নিতে বলা হয়েছিল।


পরবর্তী সময়ে সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। পাশাপাশি বুয়েটের একটি বিশেষজ্ঞ দল সরেজমিন পর্যবেক্ষণ ও পরিবেশগত জরিপ সম্পন্ন করে।


আবেদনকারীদের মতে, সেতুটি নির্মিত হলে কুষ্টিয়া শহরের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ সহজ হবে। স্থানীয় শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


এ ছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ী এবং ফকির লালন শাহের আখড়ার মধ্যে যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।


তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে সেতু নির্মাণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। আপাতত আবেদনটি পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য