গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিগগিরই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এ সংলাপ শুরু হতে পারে বলে প্রধানমন্ত্রীর দপ্তর ও সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার আশঙ্কা ও দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় জাতীয় ঐক্য জোরদার করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক মতবিনিময় ও সংলাপের উদ্যোগ নেওয়া হচ্ছে। কয়েক দিনের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তাঁদের দেশে ফেরার পর সংলাপের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে।
তবে সংলাপে কোন কোন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার বিষয়বস্তু কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
ইতোমধ্যে বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সংলাপ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। সোমবার (২৩ নভেম্বর) এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপের সূচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।