চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা

দে
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৬
চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘আকভান’ নামীয় ঘুর্ণিঝড়ের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আমন ধান চাষিরা। পাকা ধান কাটতে না পারা এবং ইতোমধ্যে কেটে রাখা ধান মাঠ থেকে বাড়িতে তুলতে না পারায় চরম দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় কৃষকরা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নে ১৮ হাজার ১৯০ হেক্টর কৃষি জমিতে ধানের আবাদ হয়েছে। গত তিন দিনের মুষলধারে বৃষ্টিতে ৩৬ হেক্টর জমির ধান নুইয়ে পড়েছে। 

শনিবার সরেজমিনে বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে কাটা ধান সারিবদ্ধভাবে পড়ে রয়েছে। আবার অনেক জমির পাকা ধান বৃষ্টির পানিতে হেলে ও নুইয়ে পড়েছে। জমিতে পানি ও কাদা জমে থাকায় কাটা ধান শুকানো এবং নিরাপদে বাড়িতে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় মাঠে থাকা অবশিষ্ট পাকা ধান দ্রুত ঘরে তোলা নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন কৃষকরা। 

উপজেলার চিওড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষক ইউসুফ মজুমদার, কাজী আবুল কালাম, মোঃ এয়াছিন, সারপটির আবদুল কাদের মোল্লা, পাতড্ডার আবদুর রহিম, বেরলার মোহাম্মদ হারুন, বাতিসা ইউনিয়নের লুদিয়ারার লিটন চৌধুরী, ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলীর মোঃ সেলিম, মোঃ ইউনুছসহ ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, আমন মৌসুমের পাকা ধান তোলা শুরু হয়েছিল। কিন্তু গত তিন দিনের বৃষ্টিতে পাকা ধান নুইয়ে পড়ে অধিকাংশ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

অপরদিকে কনকাপৈত ইউনিয়নের কোমারডোগা গ্রামের কাজী আহসান উল্লাহ বলেন, ৬২ শতক জমিতে আমান ধান চাষ করেছি। এরমধ্যে গত কয়েকদিনের বৃষ্টিতে ১০ শতক জমি পাকা ধান নুইয়ে পড়েছে। এতে আমার কৃষি খরচ বেড়েছে। আমি সরকারের নিকট সহযোগিতার দাবি জানাচ্ছি। 

শনিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ জোবায়ের আহমেদ বলেন, গত তিন দিনের হালকা বৃষ্টিতে কিছু এলাকায় পাকা আমন ধান নুইয়ে পড়েছে। তবে বৃষ্টি বন্ধ হলে ক্ষতির পরিমান কমে যাবে। স্ব স্ব এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ক্ষতি কমাতে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য