বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকা থেকে ছয় বাংলাদেশি নাগরিক ও তাদের দুই স্থানীয় পথপ্রদর্শককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) সদস্যরা সীমান্তের ২৩/৩৪ নম্বর পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করেন। আটক স্থানীয় দুই ব্যক্তি ম্রো সম্প্রদায়ের সদস্য।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রুমা ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার এ তথ্য জানান।
বিজিবি জানায়, আটক ছয় বাংলাদেশি বিভিন্ন জেলার বাসিন্দা। তারা গত ৫ নভেম্বর স্থানীয় দুই পথপ্রদর্শককে সঙ্গে নিয়ে থানচি হয়ে ত্রিদেশীয় সীমান্ত এলাকায় যান। পরবর্তী সময়ে সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় তাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে আটজনকে আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান ও রাত্রিযাপনের উপযোগী খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, চাপাতি ও তাঁবুসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার বলেন, আটক ব্যক্তিরা বেশ কয়েক দিন ধরে সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয়েছে। তারা কেন সেখানে অবস্থান করছিলেন কিংবা কোনো সশস্ত্র সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা পুলিশের তদন্তে জানা যাবে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।