শাহজালালে ১ ঘণ্টায় হারানো ব্যাগ উদ্ধার, ১৮ জনকে দণ্ড দিলেন ম্যাজিস্ট্রেট নওশাদ

দে
এলেন বিশ্বাস
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮
শাহজালালে ১ ঘণ্টায় হারানো ব্যাগ উদ্ধার, ১৮ জনকে দণ্ড দিলেন ম্যাজিস্ট্রেট নওশাদ


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে মাত্র এক ঘণ্টার ব্যবধানে এক যাত্রীর হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দর এলাকায় শৃঙ্খলা রক্ষা ও যাত্রী হয়রানি বন্ধে পরিচালিত অভিযানে একজন নেশাগ্রস্ত গণউপদ্রবকারীসহ ১৮ জনকে অপরাধ অনুযায়ী বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে।


শনিবার (৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব তথ্য নিশ্চিত করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওশাদ খান।


ফেসবুক পোস্টে ম্যাজিস্ট্রেট নওশাদ জানান, টিম এয়ারপোর্টের আন্তরিক প্রচেষ্টায় নিয়মিতই যাত্রী ও প্রবাসীদের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হচ্ছে। ঘটনার দিন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধারের পাশাপাশি আরও একাধিক প্রবাসীর জটিলতা দূর করা হয়।


অনলাইনে চেক-ইন থাকার পরও এক প্রবাসী যাত্রীর বিমান মিস হওয়ার উপক্রম হলে ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সহায়তায় তাকে দ্রুত বিমানে ওঠার ব্যবস্থা করে দেওয়া হয়। এছাড়া হয়রানির শিকার এক প্রবাসীর উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিতকরণ এবং অন্য এক প্রবাসীর পকেট থেকে পড়ে যাওয়া সোনা চুরি করা অভিযুক্ত যাত্রীকে শনাক্ত করা হয়েছে।


বিমানবন্দরের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা রক্ষায় নিজেদের তৎপরতার কথা উল্লেখ করে ম্যাজিস্ট্রেট নওশাদ লেখেন, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ 'টিম এয়ারপোর্ট'-এর সবাই প্রতিদিন এমন অনেক ভালো কাজ করছেন। অল্প কিছু অসংগতির ভিড়ে এসব ইতিবাচক উদ্যোগ আড়ালে পড়ে যায়। আজ অপরাধের ধরন অনুযায়ী ১৮ জনকে দণ্ড দেওয়া হয়েছে, যার মধ্যে একজন নেশাগ্রস্ত গণউপদ্রবকারীকে কারাদণ্ড দেওয়া হয়। এর ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমবে।


কাজের সততা ও মানবিক দায়বদ্ধতার কথা তুলে ধরে তিনি আরও লেখেন, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে পারাটা অনেক তৃপ্তির। সমস্যা সমাধানের পর মানুষের চোখের কোণে যে কৃতজ্ঞতা ও স্বস্তি দেখা যায়, সেটাই আমাদের কাজের মূল অনুপ্রেরণা।



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য