রাজধানীর ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর নিঝূমবাগ সাকিনে গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে একটি বাড়ি থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করার কাজ করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের বোমা ডিসপোজাল টিম।
রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সিটিটিসির বোমা ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সম্প্রতি যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় তদন্তের অংশ হিসেবে আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হয়। ওই অভিযানের সময় একটি বাড়িতে দুটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়।
পরে সিটিটিসির বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে একটি বস্তু নিষ্ক্রিয় করে। অপর বস্তুটি নিষ্ক্রিয় করার কাজ চলছে।
এ ঘটনায় বোমা সদৃশ বস্তুসহ এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে উদ্ধার হওয়া বস্তু দুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।