রাজধানীর তুরাগের প্রত্যাশা ব্রিজ এলাকায় সড়কে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৩ জন কর্মীকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকার বাকরাল উত্তরপাড়ার মো. কামরুল ইসলাম (২১), মালিপাড়া কালাইবাড়ী এলাকার মো. হযরত আলী (২০) এবং বাদাম এলাকার মো. মিতুল হাসান (১৯)।
এসময় তাদের নিকট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের একটি বড় আকারের ব্যানার জব্দ করা হয়।
গতকাল সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তুরাগ থানার প্রত্যাশা ব্রিজের আশপাশের এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান দৈনিক দেশের কথাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তুরাগ থানা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. নুর হোসেন এবং তুরাগ থানার হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. কফিল উদ্দিন মেম্বারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল করার উদ্দেশ্যে ব্যানারসহ প্রত্যাশা ব্রিজ এলাকায় অবস্থান করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জের দিক দিকনির্দেশনায় সংশ্লিষ্ট থানা পুলিশের একটি চৌকস দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে সাড়াশি অভিযান চালিয়ে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের কর্মী মো. কামরুল ইসলাম (২১),
মো. হযরত আলী (২০) ও মো. মিতুল হাসান (১৯)
৩ জনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকালে তাদের নিকট থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একটি ৭/৩ ফুট আকারের ব্যানার জব্দ করা হয়। উদ্ধারকৃত ব্যানারে লেখা ছিল- ‘শেখ হাসিনা বীরের বেশে ডিসেম্বরে ফিরবে বাংলাদেশে’।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে
সন্ত্রাস বিরোধী আইনে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে আসামিদেরকে আজ মঙ্গলবার সকালে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।