নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। বুধবার (১৯ আগস্ট) রাজধানীর বিভিন্ন রুটে সকাল থেকে চলতে দেখা গেছে বিশেষ এই ‘পিংক বাস’।
বিআরটিসির তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস দিয়ে এই সেবা চালু হয়েছে। এর মধ্যে একটি একতলা ও নয়টি দ্বিতল বাস। নতুনবাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা থেকে জিপিও, মিরপুর-১০ ও মিরপুর-১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং আব্দুল্লাহপুর থেকে মতিঝিলসহ বিভিন্ন রুটে এসব বাস চলাচল করছে। গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও এই সেবা পাওয়া যাবে।
বাসগুলো দুই স্লটে চলাচল করবে। সকাল ৮টা ৪০ মিনিটে নির্ধারিত স্টপেজ থেকে বাসগুলো বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। পরে বিকেল ৫টা ২০ মিনিটে মতিঝিল বাস ডিপো থেকে বিভিন্ন রুটে যাত্রা শুরু করবে।
নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। পিংক বাসের একজন চালক রাবেয়া সুলতানা। প্রথম দিন বাস চালানোর অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, অভিজ্ঞতা বেশ ভালো ছিল।
বাসে নারী কন্ডাক্টরও দায়িত্ব পালন করছেন। যাত্রীদের সুবিধার পাশাপাশি কিছু অসুবিধার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, চালকরা অভিজ্ঞ না হওয়ায় যাত্রায় তুলনামূলক বেশি সময় লেগেছে। তবে সামনে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সেবা চালিয়ে যেতে চান তারা।
পিংক বাসের নারী যাত্রীরাও সেবাটি নিয়ে তাদের স্বস্তি ও সুবিধার কথা জানিয়েছেন। পাশাপাশি কয়েকজন যাত্রী যাতায়াতের ক্ষেত্রে কিছু অসুবিধার কথাও তুলে ধরেছেন।