শারদীয় দুর্গাপূজা সামনে রেখে আগামী ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশের দোকান, বিপণিবিতান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
রোববার (৪ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর কাছে পাঠানো এক স্মারকলিপিতে এ দাবি জানায় সংগঠনটি।
বর্তমানে দোকানপাট রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম রয়েছে। ব্যবসায়ীদের দাবি, ঈদ ও পূজার মতো বড় উৎসবের সময় কেনাকাটা বেড়ে যায়। তাই দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে দোকান খোলা রাখার সময় আরও দুই ঘণ্টা বাড়ানো হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা উপকৃত হবেন।
স্মারকলিপিতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যে কাঙ্ক্ষিত গতি নেই। এতে অনেক ব্যবসায়ী আর্থিকভাবে সংকটের মধ্যে রয়েছেন।
সংগঠনটি জানায়, ঈদ ও পূজার সময় সাধারণত বিক্রি বাড়ে। এ কারণে এ সময় দোকানপাট খোলা রাখার সময় বাড়ানো হলে ব্যবসায়ীরা কিছুটা ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।
ব্যবসায়ী নেতারা আরও দাবি করেন, জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতিরও উন্নতি হয়েছে। তাই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখার অনুমতি দেওয়ার আহ্বান জানান তারা।