সরকার ও প্রশাসনের একাংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৩:১৬
সরকার ও প্রশাসনের একাংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত


সরকার ও প্রশাসনের একটি অংশ পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এ পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা ও বিশৃঙ্খলা নিয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। পরিষদের মতে, গত ১২ ফেব্রুয়ারির গণভোটের রায় উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতা নিয়ে দেশ পরিচালনার দিকে এগোচ্ছে। এ অবস্থান থেকেই বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের মাধ্যমে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছিল। সনদে স্বাক্ষরের পর গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল সেই গণরায় উপেক্ষা করছে। এতে জনগণের সঙ্গে সরকারের রাজনৈতিক আস্থার সংকট তৈরি হয়েছে।

দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা ও অস্থিরতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ বিভিন্ন স্থানে মহাসড়কে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘাতের ঘটনা ঘটছে। কোথাও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, কোথাও থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। পুলিশের ওপর হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহায় পরিস্থিতি দেশের নিরাপত্তাব্যবস্থার অবনতির ইঙ্গিত দিচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন স্থানে সংসদ সদস্যদের বাড়ি, দোকানপাট, সিনেমা হলসহ নানা স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করা হচ্ছে। পুরোনো ভিডিও ও ছবি জুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে। এসব ঘটনায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত উদ্বিগ্ন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের জানমাল ও সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না বলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মনে করে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সরকারের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিরও ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ারের অভিযোগ, সচিবালয়, বেসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো দায়িত্বে রয়েছেন। তাদের নিষ্ক্রিয়তা কিংবা প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আওয়ামী লীগকে পুনর্বাসনের পথ তৈরি করা হচ্ছে বলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মনে করে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও বক্তব্য ঘিরেও বিভিন্ন এলাকায় সংঘাত ও উত্তেজনা তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের বিভিন্ন বক্তব্যকে বাংলাদেশের বিচারব্যবস্থা ও আইনের শাসনের প্রতি অসম্মানজনক উল্লেখ করে নিন্দা জানান মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে বিভিন্ন এলাকায় সহিংসতা, মহাসড়কে বাধা, গাছ কেটে রাস্তা বন্ধ, যানবাহনে তল্লাশি, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। এ লক্ষ্যে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি চালিয়ে যাবে।

মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী ২১ নভেম্বর শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াত। ডিসেম্বর মাসজুড়েও দলটির কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির বিস্তারিত আগামী শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ একটি ভাইরাসের মতো। বর্তমান সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতার বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে বলে তাদের মনে হচ্ছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে জামায়াত জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ থাকবে।

জুলাই সনদের গণরায় মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, গণভোটের রায় মেনে নিলে রাজনৈতিক সংকট নিরসনের পথ তৈরি হবে। সংসদে আলোচনা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে জুলাই সনদের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের বক্তব্যে ইতিবাচক বার্তা এলে রাজপথের সংঘাত এড়ানো সম্ভব হতে পারে।

গার্মেন্টস খাতের সাম্প্রতিক সহিংসতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও শিল্পের স্বার্থ—দুটিই রক্ষা করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের সুরক্ষায় মালিকদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। শিল্প ও শ্রমিক উভয়কে ক্ষতিগ্রস্ত করে দেশের অর্থনীতি ধ্বংসের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার বা বিএনপির পক্ষ থেকে জামায়াতের সহযোগিতা চাওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার কিংবা সরকারি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সহযোগিতা চাওয়া হয়নি। গণভোট ও জুলাই সনদ মেনে নেওয়ার শর্তে সরকারকে সহযোগিতা করার কোনো সিদ্ধান্তও জামায়াতের পক্ষ থেকে জানানো হয়নি। তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনুক। রাজনৈতিক সংকট কাটলে অন্যান্য সংকটও নিরসন করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য