ভারতে মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩১
ভারতে মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন


বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে ভারতের কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।


শনিবার সকালে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাঁর মৃত্যুর খবর জানান।


পোস্টে রোটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আমিনুল ইসলাম নব্বইয়ের দশকে ছাত্রলীগের রাজনীতিতে একসঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন। বিশেষ করে ১৯৯৬ সালের আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁদের অংশগ্রহণের কথা তুলে ধরেন তিনি।


আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর কলকাতার একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন রোটন। তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


জানা গেছে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোটন দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৪ অক্টোবর রাতে তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।


মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ওই সময় সংগঠনটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।


চট্টগ্রামের রাউজানের বাসিন্দা রোটন ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে পরিচিতি লাভ করেন। পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন।


২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। এ ছাড়া ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হন।


উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ রয়েছে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য