রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব-সংলগ্ন গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে। এতে আশপাশের সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। আতঙ্কে পথচারীরাও নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন।
এদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই সায়েন্সল্যাব এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামানও প্রস্তুত রাখা হয়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব গণমাধ্যমকে বলেন, সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশ সেখানে অবস্থান করছে।