নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিত প্রার্থীরা

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২
নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিত প্রার্থীরা


চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগবঞ্চিত প্রার্থীরা।


রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার পর মিছিল নিয়ে শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন তাঁরা। এর আগে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।


তাঁদের দাবি, নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও বিভিন্ন জেলার বহু প্রার্থী নিয়োগপত্র পাননি। দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবিতে তাঁরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।


গত ২৪ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া শুরু হয়। তবে বিভিন্ন জেলায় শত শত প্রার্থীর নিয়োগপত্র ইস্যু না হওয়ায় তাঁদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।


‘চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক-২০২৫’ নামের একটি প্ল্যাটফর্মের দাবি, ১৪ হাজার ৩৮৪ জনের নিয়োগ প্রক্রিয়ায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী দেড় হাজারের বেশি প্রার্থীর নিয়োগপত্র ইস্যু হয়নি।


একই অভিযোগ তুলে ‘কেন্দ্রীয় প্যানেল প্রাইমারি ২০২৫’ প্ল্যাটফর্মও জানিয়েছে, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রায় দেড় হাজার প্রার্থী নিয়োগপত্র পাননি। তাঁদের বাদ পড়ার কারণ সুস্পষ্টভাবে প্রকাশ করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি তুলে ধরা হয়।


এর আগে গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।


পরে ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। একই সঙ্গে জেলা অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য