বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে তিনটি সাপ দেখা যাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই তলাতেই শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ও সচিবের কার্যালয় রয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে অফিসে এসে করিডোরে প্রথমে দুটি সাপ দেখতে পান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কিছুক্ষণ পর সেখানে আরও একটি সাপ দেখা যায়। পরে কর্মচারীরা তিনটি সাপই মেরে ফেলেন।
তবে সাপগুলো কোন প্রজাতির, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এত উঁচু ভবনের ১৯ তলায় সাপ কীভাবে উঠল, তা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, ভবনের কোনো স্টোরেজ বা পরিত্যক্ত স্থানে আরও সাপ থাকতে পারে।
১৯ তলায় কর্মরত এক প্রোগ্রাম অফিসার বলেন, করিডোরে সাপের ছোটাছুটি দেখে কর্মকর্তা-কর্মচারীরা ভীত হয়ে পড়েন। এত উঁচু ভবনে সাপ আসার কারণ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
তার ধারণা, ভবনের ওপরের কোনো স্টোরেজে সাপ বাসা বেঁধে থাকতে পারে এবং সেখান থেকে ডিম ফুটে বাচ্চা সাপ বের হয়ে এসেছে।
বিষয়টি খতিয়ে দেখতে ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের জানানো হয়েছে।