অটোরিকশায় সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে জরিমানা, নিবন্ধন-নবায়নও নয়

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৭:৩৬
অটোরিকশায় সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে জরিমানা, নিবন্ধন-নবায়নও নয়


ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে চার্জ দিলে জরিমানার বিধান করা হচ্ছে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ করা হলে এসব যানবাহনের নিবন্ধন দেওয়া হবে না এবং নিবন্ধনের পর নবায়নও করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারসংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত ই-রিকশাগুলোকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন ও পৌরসভার আওতায় নিবন্ধনের ব্যবস্থা করা হচ্ছে। নিবন্ধনের ক্ষেত্রে শর্ত থাকবে, এসব যানবাহন সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ দিতে হবে।


তিনি বলেন, সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে চার্জ করা হলে ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে না। নিবন্ধিত যানবাহনের ক্ষেত্রেও নবায়ন করা হবে না।


সৌরবিদ্যুতের পরিবর্তে অন্য উৎসের বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দিলে জরিমানার বিধানও আইনে রাখা হবে বলে জানান মীর শাহে আলম।


তিনি বলেন, সৌরবিদ্যুতের বাইরে অন্য বিদ্যুৎ দিয়ে ই-রিকশা চার্জ করা হলে সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। এ বিষয়ে আইনে প্রয়োজনীয় বিধান রাখা হচ্ছে।


## ঢাকায় ই-রিকশা চলাচলে জোনভিত্তিক ব্যবস্থা


যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে ঢাকাকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।


তিনি বলেন, এক জোনে নিবন্ধিত ই-রিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না। পর্যায়ক্রমে দেশের ১৩টি সিটি করপোরেশনে এ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।


এ সময় চলতি অর্থবছরের মধ্যেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলে ভোটের সময় নির্ধারণ করা হবে।


প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হবে। এ অর্থ চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য