মোহাম্মদপুরে ১০ মামলার আসামি কিশোর গ্যাং নেতা লারা গ্রেপ্তার

দে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১০:৪৩
মোহাম্মদপুরে ১০ মামলার আসামি কিশোর গ্যাং নেতা লারা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে কিশোর গ্যাং নেতা ও ১০ মামলার আসামি মো. রিপন সিকদার ওরফে লারা (৩৭) কে গ্রেপ্তার করেছে এসআরবি-২।

রোববার (৮ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৭ নভেম্বর) রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-২ জানতে পারে, মোহাম্মদপুর থানার তাজমহল রোড এলাকায় এক চিহ্নিত ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে রিপন সিকদার ওরফে লারাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার রিপন মোহাম্মদপুর এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তির পিসিপিআর যাচাই করে দেশের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ১০টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কেএমপির দৌলতপুর থানা ও ঢাকার সাভার থানায় দুটি মাদক মামলা, মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতির তিনটি মামলা, মোহাম্মদপুর থানায় দুটি ও মিরপুর মডেল থানায় একটি ছিনতাই চেষ্টার মামলা রয়েছে।

এ ছাড়া কেএমপির শাহজাহানপুর থানায় একটি চুরির মামলা এবং ডিএমপির শেরেবাংলা নগর থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য