আনোয়ারায় ছেলের ছুরিকাঘাতে মা-বাবা নিহত, ঘাতক আটক

দে
দৈনিক দেশের কথা
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০৯
আনোয়ারায় ছেলের ছুরিকাঘাতে মা-বাবা নিহত, ঘাতক আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা ও বাবা নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা গ্রামের চৈতন্য মহাজন বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ ঘর থেকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- পূর্ব গুজরা গ্রামের মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তাঁর স্ত্রী কল্পনা দাশ (৫৫)। আটক ব্যক্তি তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্ত (৪২)।

স্থানীয় সূত্র জানায়, রিমন দাশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাঁকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রেও ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে মা-বাবার সঙ্গে বাইরে যাওয়ার পর পৌনে ১২টার দিকে বাড়িতে ফেরেন তারা। কিছুক্ষণ পর হঠাৎ ধারালো ছুরি দিয়ে নিজের মায়ের ওপর হামলা চালান রিমন। মাকে রক্ষা করতে এগিয়ে এলে বাবাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তিনি।

চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে কল্পনা দাশকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানোর পথে তিনি মারা যান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে আটক করেছে। ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে অপর একটি মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য