গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিশেষ অভিযানে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ সাড়ে ১৭ লাখ টাকাসহ সুমাইয়া (৩১) নামের এক নারী মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়ার ‘ফেন্ডস টাওয়ার’-এর ষষ্ঠ তলার একটি ফ্লাটে অভিযান চালায় জিএমপি গোয়েন্দা উত্তর বিভাগের একটি দল। এ সময় ওই ফ্লাট থেকে সুমাইয়াকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও নগদ টাকার উৎস কী এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।