জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কানাপাড়া এলাকায় সুজন মোল্লা ওরফে ফকির (৪৫) নামের এক ভ্যানচালকের রহস্য জনক মৃত্যুে চঞ্চল্যকর রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী চামেলী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রবিবার (১৬ আগস্ট) ভোর ৪টার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ফকির ওই এলাকার মৃত আবু মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে ফকিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর নিশ্চিত করেছে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মকবুল হোসেন। তিনি জানান যে , তার নেতৃত্বে পুলিশ ও পিবিআই টিম ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
নিহতের ভাই রুবেল মিয়া অভিযোগ করে বলেন, "আমার ভাই সম্পূর্ণ সুস্থ ও সবল ছিল। গতকালও সে আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলেছে। কিন্তু তার স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল । ঘটনার দিন ভোরে শুনি ভাই মারা গেছে। তার গলায় ক্ষতচিহ্ন রয়েছে, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।"
প্রতিবেশীরা জানান, ফকির পেশায় একজন ভ্যানচালক ছিল এবং অত্যন্ত নম্র ভদ্র ও ভালো মনের মানুষ হিসেবে এলাকার লোকজন জানতো । তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে আছে।
এ বিষয়ে নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মকবুল হোসেন জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য নিহতের স্ত্রী চামেলী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনি প্রক্রিয়া গ্ৰহণ করবে বলে তিনি জানান।