হংকংয়ের বিশ্বখ্যাত অ্যাকশন তারকা জ্যাকি চ্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁর সাদা-কালো ছবির সঙ্গে ‘১৯৫৪-২০২৬’ লেখা একটি পোস্ট ভাইরাল হওয়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে অভিনেতার মৃত্যুর দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে জ্যাকি চ্যানের ছবি ব্যবহার করে স্মরণবার্তার আদলে পোস্ট প্রকাশ করা হয়। সেখানে তাঁর জন্মসাল ১৯৫৪ এবং কথিত মৃত্যুর বছর ২০২৬ উল্লেখ করে দাবি করা হয়, ৭২ বছর বয়সে মারা গেছেন জনপ্রিয় এই অভিনেতা।
তবে আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটি ভিত্তিহীন বলে প্রতীয়মান হচ্ছে।
ভাইরাল পোস্টগুলোর মধ্যে একটি মাত্র পাঁচ ঘণ্টায় ৩৮ লাখের বেশি ভিউ পেয়েছে বলে জানা গেছে। স্মরণবার্তার আদলে তৈরি ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই যাচাই না করেই মৃত্যুর খবরটি শেয়ার করেন।
জ্যাকি চ্যানের সাম্প্রতিক প্রকাশ্য উপস্থিতির মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা ঘটে গত ৭ জুলাই সিঙ্গাপুরে। দেশটির পেই চুন পাবলিক স্কুলে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি।
সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, লিম ফ্যামিলি ফাউন্ডেশনের আয়োজনে স্কুলটিতে গিয়ে ৯০০-এর বেশি শিক্ষার্থীর সঙ্গে সময় কাটান জ্যাকি চ্যান।
অনুষ্ঠানের ভিডিওতে তাঁকে নিজের জনপ্রিয় গান ‘হার্ড টু সে গুডবাই’ পরিবেশন করতে দেখা যায়। পাশাপাশি শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেন তিনি।
বিশ্বখ্যাত তারকাদের মৃত্যুর ভুয়া খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। অনেক সময় তারকাদের ছবি ও জন্ম-মৃত্যুর কাল্পনিক সাল ব্যবহার করে শ্রদ্ধাঞ্জলির আদলে পোস্ট তৈরি করা হয়, যা দ্রুত মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়।
জ্যাকি চ্যানকে ঘিরে ছড়িয়ে পড়া সাম্প্রতিক পোস্টটিও তেমন একটি ঘটনা। তাঁর মৃত্যুর বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।