মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো চাকরি মেলা, থাকছে চাকরির সুযোগ

দে
, মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:৩০
মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো চাকরি মেলা, থাকছে চাকরির সুযোগ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মাভাবিপ্রবি ক্যারিয়ার অ্যান্ড জব ফেয়ার-২০২৬’। আগামী ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত এ চাকরি মেলায় বিকাশ, ওয়ালটন, প্রাণ-আরএফএল, এমজিআই, ট্রান্সকম গ্রুপ ও রিমার্কসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। এতে শিক্ষার্থীদের সিভি জমা দেওয়া এবং চাকরির সুযোগ সম্পর্কে জানার সুযোগ থাকবে।


মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু হবে। সকাল ১০টা ৪৫ মিনিটে উদ্বোধন করা হবে জব ফেয়ার।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।


জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময়ের সুযোগ থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা চাকরির বাজার, নিয়োগপ্রক্রিয়া ও পেশাগত দক্ষতা সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে জানতে পারবেন।


বিশ্ববিদ্যালয় দিবসের দ্বিতীয় পর্বে বিকেলে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও প্রযুক্তি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং গবেষণা পুরস্কার প্রদান করা হবে।


এ পর্বে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।


বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের লক্ষ্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমানকে আহ্বায়ক এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিমকে সদস্য-সচিব করে একটি মূল কমিটি ও ১৫টি উপকমিটি গঠন করা হয়েছে।


উল্লেখ্য, মাভাবিপ্রবি দিবস ১৬ অক্টোবর হলেও পূজার ছুটির কারণে এ বছর ২৭ অক্টোবর দিবসটি উদযাপন করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য