দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ‘মহানগর’ ওয়েব সিরিজের তৃতীয় সিজন আসার ইঙ্গিত দিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। নিজের জন্মদিনে প্রকাশ করা এক ভিডিওতে নতুন সিজনের চিত্রনাট্য শেষ করার কথা জানিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছেন তিনি।
বাংলাদেশে ওয়েব সিরিজের জনপ্রিয়তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ‘মহানগর’ প্রথম মুক্তি পায় ২০২১ সালে। এর দুই বছর পর ২০২৩ সালে দর্শকদের সামনে আসে দ্বিতীয় সিজন। গল্প, চিত্রনাট্য ও অভিনয়ের কারণে বাংলাদেশ ছাড়িয়ে ভারতেও সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
দ্বিতীয় সিজনের শেষেই তৃতীয় কিস্তি আসার ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু এরপর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও ‘মহানগর ৩’ নিয়ে নির্মাতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে আশফাক নিপুণের যেকোনো পোস্টে দর্শকদের বড় একটি অংশ নিয়মিত তৃতীয় সিজন নিয়ে জানতে চাইতেন।
এর মধ্যে একবার সিরিজটির কাজ শুরুর খবরও প্রকাশ্যে আসে। পরে জানা যায়, বাজেট সংকটের কারণে ‘মহানগর ৩’ নির্মাণ করতে পারেনি হইচই বাংলাদেশ।
তবে এবার তৃতীয় সিজন নিয়ে সরাসরি ইঙ্গিত দিয়েছেন আশফাক নিপুণ। বুধবার (২৬ আগস্ট) নিজের জন্মদিনে ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে তিনি বলেন, ‘যাই হোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’
কোন চিত্রনাট্যের কথা বলছেন, সেটিও ভিডিওতে ইঙ্গিত দিয়েছেন নির্মাতা। সেখানে তিনি নিজের কণ্ঠে ‘মহানগর’-এর পরিচিত ইন্ট্রো মিউজিক গেয়ে শোনান। এরপরই দর্শকদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে ‘মহানগর ৩’-এর কাজ এগিয়ে নিচ্ছেন তিনি।
ভিডিওটি প্রকাশের পর ভক্তরা নির্মাতার কাছে তৃতীয় সিজন নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন। এক দর্শক মন্তব্য করেন, ‘তাহলে কি মহানগর ৩ ভায়া?’ জবাবে আশফাক নিপুণ লেখেন, ‘ইয়েস’।
তবে ‘মহানগর ৩’-এর শুটিং কবে শুরু হবে কিংবা সিরিজটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি জানানো হয়নি।
সিরিজটির প্রথম দুই সিজনে পুলিশ কর্মকর্তা ওসি হারুন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান মোশাররফ করিম। তৃতীয় সিজনেও তাকে একই চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। পাশাপাশি নতুন সিজনে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে বিশেষ চমক হিসেবে দেখা যেতে পারে বলেও আলোচনা রয়েছে।