বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোল করা দলের তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছে ব্রাজিল। হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে ফুটবলের সবচেয়ে বড় আসরে নিজেদের মোট গোলসংখ্যা ২৪১-এ উন্নীত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের গোলসংখ্যা ছিল ২৩৭। অন্যদিকে জার্মানির ছিল ২৩২। তবে টুর্নামেন্টের শুরুতে পরিস্থিতি বদলে যায়। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল, ফলে তাদের গোলসংখ্যা দাঁড়ায় ২৩৮-এ। একই সময়ে জার্মানি কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে মোট গোলসংখ্যা বাড়িয়ে ২৩৯-এ নিয়ে যায় এবং সাময়িকভাবে রেকর্ডের শীর্ষে উঠে আসে।
তবে বেশিদিন সেই অবস্থান ধরে রাখতে পারেনি জার্মানরা। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় নিশ্চিত করে ব্রাজিল আবারও বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দলের মর্যাদা পুনরুদ্ধার করেছে। বর্তমানে সেলেসাওদের গোলসংখ্যা ২৪১, যা জার্মানির চেয়ে দুই গোল বেশি।
এই জয়ের মাধ্যমে শুধু রেকর্ডই নয়, ‘সি’ গ্রুপের শীর্ষস্থানও নিজেদের করে নিয়েছে ব্রাজিল। গোল ব্যবধানে তারা মরক্কোকে পেছনে ফেলেছে এবং নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার পথে বড় পদক্ষেপ নিয়েছে।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৪ জুন মিয়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। অন্যদিকে জার্মানি তাদের পরবর্তী ম্যাচে খেলবে আইভরি কোস্টের বিপক্ষে। ফলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দলের রেকর্ড নিয়ে প্রতিযোগিতা আরও জমে ওঠার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে ব্রাজিল ও জার্মানিই বিশ্বকাপ ইতিহাসে ২০০ বা তার বেশি গোল করা একমাত্র দুই দল। তালিকার তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা, যাদের গোলসংখ্যা ১৫২। চতুর্থ স্থানে থাকা ফ্রান্সের গোল ১৩৬ এবং পঞ্চম স্থানে থাকা ইতালির গোলসংখ্যা ১২৮।
মন্তব্য করুন