বগুড়ার নবগঠিত দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে ব্যাপক বিতর্কের পর ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামের দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ দুটি ইউনিয়নের নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
শুক্রবার (১৯ জুন) রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার তথ্য জানানো হয়।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে আবারও গণশুনানির আয়োজন করা হবে।
এর আগে গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং নবঘোষিত মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। ১৪ জুন গেজেট প্রকাশের পরপরই কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে সমালোচনার ঝড় ওঠে।
সমালোচকদের অভিযোগ ছিল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে পরিবারের সদস্যদের নাম অনুসারে ইউনিয়নের নামকরণ করিয়েছেন। অভিযোগ অনুযায়ী, মোকামতলা উপজেলার দুটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’, যা প্রতিমন্ত্রীর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে পুরোপুরি মিলে যায়। এছাড়া শিবগঞ্জ উপজেলার একটি ইউনিয়নের নাম রাখা হয় ‘মীরবাড়ী ইউনিয়ন’, যা প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নামের সঙ্গে সম্পর্কিত বলে অভিযোগ ওঠে।
সরকারি প্রশাসনিক ইউনিটের নামকরণে ব্যক্তিগত ও পারিবারিক প্রভাবের অভিযোগ সামনে আসার পর বিষয়টি ব্যাপক জনমতের সৃষ্টি করে। স্থানীয় বাসিন্দা, নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন মহল এ ধরনের নামকরণের সমালোচনা করে এবং নিরপেক্ষ ও ঐতিহাসিক ভিত্তিতে নাম নির্ধারণের দাবি জানায়।
উদ্ভূত পরিস্থিতিতে জনমতকে গুরুত্ব দিয়ে এবং সুশাসনের স্বার্থে প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন। তার নির্দেশনার পর জেলা প্রশাসন নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছে।
জেলা প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন নাম চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে।
মন্তব্য করুন