‘বডি ডাবল’ পারভেজ অসুস্থ, চিকিৎসার দায়িত্ব নিলেন সালমান

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:৩৬
‘বডি ডাবল’ পারভেজ অসুস্থ, চিকিৎসার দায়িত্ব নিলেন সালমান

দীর্ঘদিনের সহকর্মীর অসুস্থতায় পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকা সালমান খান। তার দীর্ঘদিনের ‘বডি ডাবল’ পারভেজ কাজী অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার দায়িত্ব নেন এই অভিনেতা।


চলতি মাসের শুরুতে হৃদ্‌যন্ত্রে ছোট একটি অস্ত্রোপচার হয়েছে পারভেজের। অস্ত্রোপচারের পর তার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা ঠিকভাবে হচ্ছে কি না, সে বিষয়েও ব্যক্তিগতভাবে খোঁজখবর রেখেছেন সালমান।


ভারতীয় বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ৬ আগস্ট বাড়িতে অসুস্থ হয়ে পড়েন পারভেজ। প্রথমদিকে তিনি সিনেমার শুটিং সেটে কাজ করার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। পরে তার সহকারী পীযূষ বিষয়টি পরিষ্কার করেন।


পীযূষ জানান, পারভেজ শুটিং সেটে অসুস্থ হননি। অসুস্থ বোধ করার পর চিকিৎসকের পরামর্শ নেন তিনি এবং কয়েকটি পরীক্ষা করান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকেরা তার হৃদ্‌যন্ত্রে ছোট একটি অস্ত্রোপচার করেন।


পারভেজের অসুস্থতার খবর পাওয়ার পরপরই সহযোগিতার হাত বাড়িয়ে দেন সালমান। তার চিকিৎসা যথাযথভাবে হচ্ছে কি না, তা ব্যক্তিগতভাবেও নিশ্চিত করেন তিনি।


পীযূষ বলেন, পুরো সময় সালমান তাদের সঙ্গে ছিলেন। তিনি পারভেজকে নিজের ভাইয়ের মতো দেখেন এবং অসুস্থতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সহযোগিতা করেন।


বর্তমানে পারভেজের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। কঠিন সময়ে সালমানের সহযোগিতা ও পাশে থাকার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পারভেজ।


পারভেজের অসুস্থতার কারণে সাময়িকভাবে সালমানের আসন্ন প্যান-ইন্ডিয়া অ্যাকশন সিনেমার শুটিং নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিভিন্ন প্রতিবেদনে সিনেমাটির সম্ভাব্য নাম ‘মনস্টার’ বলে উল্লেখ করা হয়েছে।


পারভেজ কিছুদিন শুটিং থেকে বিরত থাকায় সালমানকে কয়েকটি অ্যাকশন দৃশ্যে নিজেকেই অংশ নিতে হতে পারে—এমন আলোচনা শুরু হয়েছিল। তবে বিশ্রাম শেষে দ্রুতই শুটিংয়ে ফিরতে পারেন পারভেজ। তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে স্টান্ট দৃশ্যের শুটিং সূচিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।


শুটিংয়ে ফেরার পর পারভেজের নিরাপত্তার বিষয়েও বাড়তি সতর্কতা অবলম্বনের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।


সালমান খানের দীর্ঘদিনের ‘বডি ডাবল’ হিসেবে কাজ করছেন পারভেজ কাজী। ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘রেস ৩’ ও ‘দাবাং ৩’-এর মতো একাধিক সিনেমায় সালমানের সঙ্গে কাজ করেছেন তিনি।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য