প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। সফরে তিনি খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন এবং দলীয় সাংগঠনিক সভায় অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
এরপর দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে সংক্ষিপ্ত বিরতি নেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন।
সফরের শেষপর্যায়ে বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
মন্তব্য করুন