জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ঝিনাইদহে হামলার ঘটনায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার বিকেল ৫টার দিকে বাংলামোটর এলাকায় দলটির নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এনসিপি নেতা আসিফ মাহমুদ। তিনি অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার সময় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।
আসিফ মাহমুদ বলেন, “বাংলাদেশে আবারও সন্ত্রাসীদের আস্ফালন দেখা যাচ্ছে। জুমার নামাজের পর ফ্যাসিবাদী আওয়ামী লীগের কায়দায় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।”
তিনি আরও বলেন, সরকারের সমালোচনা করার ক্ষেত্রে কোনো সীমারেখা টেনে দেওয়া যায় না। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের প্রশ্ন করার অধিকার রয়েছে। “শুধু নাসীরুদ্দীন পাটওয়ারী নন, এ দেশের যেকোনো নাগরিক আপনাদের প্রশ্ন করার অধিকার রাখে। গণতান্ত্রিক রাষ্ট্রে এটাই গণতন্ত্র,” বলেন তিনি।
সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে রাতের মধ্যে ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দেন আসিফ মাহমুদ। তিনি বলেন, “আজ রাতের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আমরা এটিকে এই প্রজন্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করব।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে তাদের সমালোচনা আর নিয়মতান্ত্রিক উপায়ে সীমাবদ্ধ থাকবে না।
এর আগে শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সঙ্গে কথা বলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় পেছন দিক থেকে কয়েকজন যুবক তার দিকে ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়। এতে এনসিপির স্থানীয় কয়েকজন নেতাকর্মী আহত হন।
ঘটনার পর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী থানায় এসেছেন, তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ জমা পড়েনি।
মন্তব্য করুন