ঝিনাইদহে হামলার শিকার হওয়ার পর ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেছেন, হামলার সময় তাকে কিল-ঘুষি মারা হয়েছে এবং তার মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিনি ঝিনাইদহ জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
পাটওয়ারীর ভাষ্য অনুযায়ী, প্রথমে তাকে লক্ষ্য করে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন।
তিনি আরও বলেন, “আমাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়। এ সময় হামলাকারীরা আমার মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়।”
ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা থানায় অবস্থান করছেন বলেও জানান তিনি। একই সঙ্গে হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন।
পাটওয়ারী আরও অভিযোগ করেন, ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা আবারও থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।
তবে এ বিষয়ে ছাত্রদল, যুবদল বা বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন