চকরিয়া পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজের পর এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন ওই এলাকার বাসিন্দা খলিলুর রহমান (৭৫)। অভিযুক্ত ছেলে মোহাম্মদ মিনার (২৮) একজন মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে বাড়িতে ফেরার পথে পা-হারা প্রতিবন্ধী বাবা খলিলুর রহমানের ওপর হামলা চালায় ছেলে মিনার। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার একটি হাত বিচ্ছিন্ন করে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় খলিলুর রহমানকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা অভিযুক্ত মিনারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, অভিযুক্ত মিনার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরিবার আগে থানায় অভিযোগও করেছিল। ওই অভিযোগে মিনার কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পায়। শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাবার ওপর হামলা চালায় সে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন