ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। জুমার নামাজ শেষে শহরের পুরাতন ডিসি কোট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
জাতীয় নাগরিক পার্টির নেতাদের দাবি, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে মসজিদ এলাকা থেকে বের হওয়ার সময় “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে একটি পক্ষ বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে।
এদিকে জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত ছাত্রদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন