টেইলর সুইফটের বিয়ে ঘিরে তুমুল জল্পনা, নিউইয়র্কে উৎসবের আমেজ

বিভাগ: বিনোদন রিপোর্টার: বিনোদন ডেস্ক 03 Jul 2026, 09:46 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
টেইলর সুইফটের বিয়ে ঘিরে তুমুল জল্পনা, নিউইয়র্কে উৎসবের আমেজ


বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় তারকা টেইলর সুইফট এবং মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ে ঘিরে জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির সপ্তাহান্তে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বসতে যাচ্ছে বহুল আলোচিত এই আয়োজন।

যদিও এখন পর্যন্ত টেইলর সুইফট কিংবা ট্রাভিস কেলসি কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর নিশ্চিত করেননি, তবুও তাদের ঘিরে নানা তথ্য প্রকাশ করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, আনুষ্ঠানিক আয়োজনের আগেই আইনিভাবে বিয়ে সম্পন্ন করেছেন এই তারকা জুটি। রয়টার্সের বরাতে প্রকাশিত নিউইয়র্ক পোস্টের ‘পেজ সিক্স’-এর এক প্রতিবেদনে বলা হয়, ঘনিষ্ঠ কয়েকজন স্বজনের উপস্থিতিতে ব্যক্তিগতভাবে তারা বিয়ের শপথ বিনিময় করেছেন। তবে সেই অনুষ্ঠান কোথায় বা কবে অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে নিউইয়র্ক সিটির প্রকাশিত একটি বিশেষ ইভেন্ট পারমিটে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘স্পেশাল ইভেন্ট’-এর সূচি প্রকাশ পাওয়ার পর জল্পনা আরও জোরালো হয়েছে। পারমিট অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ১০০ অতিথিকে নিয়ে একটি প্রি-পার্টি বা রিহার্সাল ডিনারের আয়োজন করা হয়েছে। এরপর রাতভর ভেন্যুর আশপাশের কয়েকটি সড়ক বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে।

শুক্রবার বিকেল থেকে ম্যাডিসন স্কয়ার গার্ডেনসংলগ্ন এলাকায় যান চলাচল সীমিত রাখা হবে। পাশাপাশি পথচারীদের চলাচলেও থাকবে আংশিক বিধিনিষেধ। নিরাপত্তা জোরদার করা হয়েছে নিকটবর্তী পেন স্টেশন এলাকাতেও। পারমিটে উল্লেখ রয়েছে, শুক্রবার সন্ধ্যা ৫টায় শুরু হতে পারে মূল অনুষ্ঠান, যা শনিবার ভোর পর্যন্ত চলতে পারে।

ইতোমধ্যেই অনুষ্ঠানস্থলের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কয়েক দিন ধরে সেখানে সাজসজ্জার সরঞ্জাম, ক্যাটারিং উপকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছাতে দেখা গেছে। পাশাপাশি নির্মাণ করা হয়েছে অস্থায়ী কাঠামো ও নিরাপত্তা বেষ্টনী।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই আয়োজনে প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকতে পারেন। সম্ভাব্য অতিথিদের তালিকায় রয়েছেন গিগি হাদিদ, কারা ডেলিভিন, সেলেনা গোমেজ, জো ক্রাভিৎসসহ হলিউড ও সংগীতজগতের পরিচিত মুখ। এছাড়া ট্রাভিস কেলসির দল কানসাস সিটি চিফসের কয়েকজন সতীর্থও অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে জানা গেছে।

নিউইয়র্কের বাসিন্দা অ্যালিসা হেইনেন সংবাদমাধ্যম এএফপিকে বলেন, টেইলর সুইফটের ভক্তদের কাছে এই আয়োজন অনেকটা রাজকীয় বিয়ের মতো। তার ভাষায়, “তিনি আমেরিকার সবচেয়ে বড় তারকাদের একজন। আমাদের কাছে তিনি যেন রাজপরিবারেরই একজন সদস্য।”

এদিকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উদযাপন, স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০ বছর পূর্তির প্রস্তুতি এবং চলমান ফুটবল বিশ্বকাপের ম্যাচ—সব মিলিয়ে নিউইয়র্কে এমনিতেই উৎসবের আবহ বিরাজ করছে। তার মধ্যে টেইলর-ট্রাভিসের সম্ভাব্য বিয়ের আয়োজন শহরজুড়ে নতুন উন্মাদনা তৈরি করেছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানীও এক সংবাদ সম্মেলনে বিয়ের গুঞ্জনের প্রসঙ্গ টেনে রসিকতা করে বলেন, “যদি কেউ ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করে থাকেন, তাহলে অন্তত তারা গরম থেকে নিরাপদ থাকবেন।”

তবে সব জল্পনা-কল্পনার মাঝেও একটি বিষয় স্পষ্ট—টেইলর সুইফট বা ট্রাভিস কেলসি এখনও পর্যন্ত তাদের বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ফলে ভক্তদের অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ হতে পারে।জ


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

মেনু
🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা অন্যান্য চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল
Admin Panel