শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার আশ্বাস ববিতার

দে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ১৪:১৮
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার আশ্বাস ববিতার

দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। মনের মতো গল্প ও চরিত্র না পাওয়ায় এতদিন অভিনয়ে ফেরার বিষয়ে তেমন আগ্রহ দেখাননি তিনি। তবে এবার সহকর্মী ও ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের অনুরোধে আবারও সিনেমায় অভিনয়ের আশ্বাস দিয়েছেন এই বরেণ্য অভিনেত্রী। তবে ফেরার ক্ষেত্রে একটি শর্তও জানিয়েছেন তিনি।


জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন শাকিব খান।


আলাপচারিতার একপর্যায়ে ববিতাকে আবার চলচ্চিত্রে ফেরার অনুরোধ জানান শাকিব। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেতা ফোনে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রথমে ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপর দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার প্রসঙ্গ তুলে তাকে আবার সিনেমায় কাজ করার অনুরোধ করেন।


শাকিব ববিতাকে বলেন, তিনি যেন সিনেমায় ফেরেন। তার সঙ্গে আরও কাজ করার ইচ্ছা রয়েছে বলেও জানান এই অভিনেতা।


শাকিবের অনুরোধে ইতিবাচক সাড়া দেন ববিতা। তবে তিনি স্পষ্ট করে জানান, শুধু অভিনয়ের জন্য অভিনয়ে ফিরতে চান না। শক্তিশালী গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র পেলে তবেই ফেরার বিষয়ে আগ্রহী তিনি।


নিজের প্রত্যাশার কথা জানিয়ে ববিতা বলেন, শাকিব যেন এমন গল্প নিয়ে আসেন, যেখানে তাদের দুজনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং চরিত্রগুলো হবে চ্যালেঞ্জিং। এমন গল্প পেলে শাকিবের সঙ্গে আবারও সিনেমায় অভিনয় করবেন বলে আশ্বাস দেন তিনি।


অনুষ্ঠানে শাকিবের পেশাদারি মনোভাব ও কাজের প্রতি নিষ্ঠার প্রশংসাও করেন ববিতা। সাম্প্রতিক সময়ে শাকিবের কাজ নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি।


ঢাকাই চলচ্চিত্রে ববিতা ও শাকিব খান একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তাদের অভিনীত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ ও ‘মায়ের জিহাদ’ দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল।


নতুন কোনো গল্প ও চরিত্র ববিতার প্রত্যাশা পূরণ করতে পারলে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় এই কিংবদন্তি অভিনেত্রীকে দেখা যেতে পারে শাকিব খানের সঙ্গে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য