ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান আর নেই। সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় তিনি মারা গেছেন। তাঁর মৃত্যুতে দেশের সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
রিনা রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও পরিচালক অনুভব মাহবুব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ও তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংগঠনটির পক্ষ থেকে প্রয়াত এই অভিনয়শিল্পীর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও নিয়মিত অভিনয় চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাম্প্রতিক সময়ে কাজ থেকে কিছুটা দূরে ছিলেন এই জ্যেষ্ঠ অভিনয়শিল্পী। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’য় অভিনয় করেছেন।
দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন রিনা রহমান। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঘানি’ (২০০৬), ‘ঠিকানা’ (১৯৯৪) এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’।