দেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার ধারাবাহিকতায় এবার উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান **‘ইত্যাদি’**র বিশেষ পর্ব। নদীবেষ্টিত এ জেলার ইতিহাস, সংস্কৃতি ও জীবনযাত্রার নানা দিক তুলে ধরা হয়েছে এবারের আয়োজনে।
লক্ষ্মীপুর জেলা সদরের শতবর্ষী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মাণ করা হয় অনুষ্ঠানের মঞ্চ। দালাল বাজার জমিদারবাড়ির ঐতিহাসিক পরিবেশে ধারণ করা এ পর্ব ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে।
এ পর্বে লক্ষ্মীপুরের দুই কণ্ঠশিল্পী তানজিনা রুমা ও সাজিয়া সুলতানা পুতুলের পরিবেশনায় থাকছে বিশেষ গান। পাশাপাশি জেলার ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরে পরিবেশিত হবে পরিচিতিমূলক নৃত্যগীত। জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামানও বিশেষ পরিবেশনায় অংশ নিয়েছেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার। সেখানে তিনি নিজের জীবনসংগ্রাম, পর্বতারোহণের অভিজ্ঞতা এবং এভারেস্ট জয়ের গল্প তুলে ধরবেন।
এ ছাড়া লক্ষ্মীপুরের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এক জেলের জীবনসংগ্রাম নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। নিয়মিত আয়োজনের অংশ হিসেবে থাকবে বিদেশি পর্ব, ‘কাশেম টিভি’ এবং দর্শকদের চিঠিপত্র। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশও স্থান পেয়েছে এবারের পর্বে।
হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত ‘ইত্যাদি’ প্রযোজনা করেছে ফাগুন অডিও ভিশন। লক্ষ্মীপুরে ধারণ করা বিশেষ এ পর্বটি আজ শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।